শিরোনাম

যুক্তরাজ্য প্রবাসী ‘সে ফাউন্ডেশন’-এর অর্থায়নে ২১তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি প্রদান সম্পন্ন

প্রকাশিত: ৩:০৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬

যুক্তরাজ্য প্রবাসী ‘সে ফাউন্ডেশন’-এর অর্থায়নে ২১তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি প্রদান সম্পন্ন

সংবাদ প্রেরক: আ. ক. ম. সুমন উজ্জামান চৌধুরী: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাউন্নয়ন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সে ফাউন্ডেশন’-এর তত্ত্বাবধানে যুক্তরাজ্য প্রবাসী ট্রাস্টিদের অর্থায়নে ২১তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি-২০২৬ প্রদান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার ৬৮ নম্বর শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে মনোনীত মেধাবী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ পর্যন্ত এ বৃত্তির আওতায় মোট ২ হাজার ৮১ জন মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়েছে।

সে ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা আলাউদ্দিন আহমদের তত্ত্বাবধানে এবং উপপরিচালক (অর্থ) ইয়ামিন আহমাদ আদিলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি ও সমাজকর্মী আবুল কাশেম, শিক্ষানুরাগী এবং ৭৭ নম্বর জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সোহেল আহমদ খান টুনু, সে ফাউন্ডেশনের সদস্য আবিরুজ্জামান খান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আতিকুর রহমান কামালী এবং মীরপুর মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল অদুদ প্রমুখ।

বক্তারা বলেন, প্রায় দুই দশক আগে সে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান এই বৃত্তি কার্যক্রমের সূচনা করেন। দেখতে দেখতে এই উদ্যোগ ২১তম বছরে পদার্পণ করেছে। ফাউন্ডেশনের সদস্য ও তাঁদের পরিবারের আর্থিক অনুদানে প্রতিবছর নিয়মিতভাবে এ বৃত্তি প্রদান করা হচ্ছে।

তাঁরা আরও বলেন, এ ধরনের বৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের মেধা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাথমিক শিক্ষা যেহেতু শিক্ষার মূল ভিত্তি, তাই এ পর্যায়ে মেধাবৃত্তি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এ মহতী উদ্যোগ অব্যাহত রাখার জন্য সে ফাউন্ডেশনের সকল সদস্য, ট্রাস্টি, উপদেষ্টা, পরিচালক, উপপরিচালক এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

সংবাদ প্রেরক: আ. ক. ম. সুমন উজ্জামান চৌধুরী

এ সংক্রান্ত আরও সংবাদ