শিরোনাম

জামালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬

জামালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর সাধারণ ও ট্যালেন্টপুল বৃত্তি এবং এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ ও গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে পুরস্কারপ্রাপ্তদেরও সংবর্ধনা দেওয়া হয়।

শনিবার (২৯ আগস্ট) জামালগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমিতে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। সহকারী শিক্ষা কর্মকর্তা ফারজেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদার, অফিসার ইনচার্জ বন্দে আলী, শিক্ষানুরাগী আব্দুর রব, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাবিবুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজকের এই অর্জন শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের ফল। তারাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। ভালো ফলাফলের পাশাপাশি নিজেদের সৎ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখার পাশাপাশি সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে।

তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অভিভাবক ও শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে জামালগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৯১ জন বৃত্তিপ্রাপ্ত এবং জিপিএ-৫ ও গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।এ সময় অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট ও পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠান শেষে উপজেলা অডিটোরিয়ামের পাশে বৃক্ষরোপণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

এ সংক্রান্ত আরও সংবাদ