বাংলাদেশ থেকে আসা যাত্রীদের হামের সতর্কতা কানাডায় ; ২৮ জুলাই পর্যন্ত স্বাস্থ্য পর্যবেক্ষণের নির্দেশ
প্রকাশিত: ৬:০৯ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০২৬
কানাডা টরন্টো: বাংলাদেশ থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীদের জন্য হামের (Measles) সতর্কতা জারি করেছে কানাডার স্বাস্থ্য কর্তৃপক্ষ। টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে সম্ভাব্য হামের সংস্পর্শের কারণে যাত্রীদের আগামী ২৮ জুলাই পর্যন্ত নিজেদের স্বাস্থ্যের প্রতি নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
পিল পাবলিক হেলথ জানিয়েছে, গত ৭ জুলাই বাংলাদেশ থেকে রোম হয়ে টরন্টো আসা Flight BG305 এবং পরে টরন্টো থেকে মঙ্কটনগামী Flight AC1986-এর যাত্রীরা সম্ভাব্য সংস্পর্শের মধ্যে থাকতে পারেন।
এছাড়া ওই দিন দুপুর ১টা ১১ মিনিট থেকে রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত পিয়ারসন বিমানবন্দরের টার্মিনাল ১ ও ৩-এ অবস্থান করা ব্যক্তিদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২৮ জুলাই পর্যন্ত জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হওয়া ও শরীরে ফুসকুড়ি দেখা দিলে দ্রুত স্বাস্থ্যসেবা গ্রহণ করতে হবে।
কর্তৃপক্ষ বলেছে, হাম একটি দ্রুত ছড়িয়ে পড়া রোগ হলেও টিকার মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তাই যাত্রীদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।