লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক
প্রকাশিত: ৭:২৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৬
লন্ডন থেকে ইমদাদুন খান : যুক্তরাজ্যে কর্মরত প্রবাসী সাংবাদিকদের সংগঠন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি এর অভিষেক অনুষ্ঠান ২০২৬ আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সেমিনার, শিক্ষাবৃত্তি বিতরণ, অ্যাওয়ার্ড প্রদান, ম্যাগাজিন প্রকাশ, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে পূর্ব লন্ডনের একটি হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিক, এমপি, ডেপুটি মেয়র, শিক্ষক, সংস্কৃতিকর্মীসহ কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
গত রোববার বিকেলে সংগঠনের বিদায়ী প্রেসিডেন্ট ও জগন্নাথপুর টাইমস-এর সম্পাদক সাজিদুর রহমান ২০২৬ সালের জন্য গঠিত ১৫ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটির পরিচয় তুলে ধরেন এবং গ্রুপ ফটোসেশনের মাধ্যমে তাঁদের আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করেন।
পরে নবনির্বাচিত প্রেসিডেন্ট, বাংলা মিররের বিশেষ প্রতিনিধি ও ঢাকা পোস্টের যুক্তরাজ্য প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল, এবিসি বাংলা নিউজের সম্পাদক ও ব্রিজবাংলা২৪-এর সাবএডিটর আব্দুল বাছির।
অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ পর্ব ছিল “বিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ সাংবাদিকতা ও এআই ভূমিকা” শীর্ষক সেমিনার। এতে কীনোট স্পিকার হিসেবে বক্তব্য দেন ক্যামব্রিজভিত্তিক Anglia Ruskin University–এর সিনিয়র লেকচারার ডক্টর অসীম চক্রবর্তী। তিনি বৈশ্বিক প্রেক্ষাপটে সাংবাদিকতার চ্যালেঞ্জ ও কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক-নেতিবাচক দিক নিয়ে বিশদ আলোচনা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন Foysol Choudhury, এমবিই, এমএসপি (মেম্বার অব দ্য স্কটিশ পার্লামেন্ট)। তিনি প্রবাসে বাংলা সাংবাদিকতার ভূমিকার প্রশংসা করে গণমাধ্যমের স্বাধীনতা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Luton Borough Council–এর ডেপুটি মেয়র কাউন্সিলর সাহানারা নাসের এবং এবং London Borough of Croydon–এর ডেপুটি সিভিক মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম। তাঁরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ অভিষেক ম্যাগাজিন “অভিযাত্রা”-এর মোড়ক উন্মোচন করেন। একই সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি শিক্ষাবৃত্তি ২০২৬-এর আওতায় বাংলাদেশের সাংবাদিক শিক্ষার্থী ও সাংবাদিক পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়।
এছাড়া সংগঠনের সদস্যদের সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ইউকেবিআরইউ অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়। অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ‘ইউকেবিআরইউ বেস্ট ইনভেস্টিগেটিভ রিপোর্টার অব দ্য ইয়ার ২০২৫’ ক্রেস্ট লাভ করেন দৈনিক একাত্তরের যুক্তরাজ্য প্রতিনিধি ও ইউকে বাংলা গার্ডিয়ানের কন্ট্রিবিউটিং রিপোর্টার বেলাল আহমদ বকুল। ‘ইউকেবিআরইউ বেস্ট ফিচার রাইটিং অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেন সিলেট মিররের ভ্রাম্যমাণ প্রতিনিধি শাহ মনসুর আলী নোমান।
অনুষ্ঠানে কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সৈয়দ নাহাশ পাশা, গবেষক ফারুক আহমেদ, সাংবাদিক মতিয়ার চৌধুরী, বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক, শিক্ষক, সংস্কৃতিকর্মী ও কমিউনিটি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শেষপর্যন্ত প্রশ্নোত্তর পর্ব ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।