শিরোনাম

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাঈদা কামাল টুলু

প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২৬

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাঈদা কামাল টুলু

ইমদাদুন খান : বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট চিত্রশিল্পী সাঈদা কামাল টুলু আর নেই। রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

সাঈদা কামাল প্রখ্যাত কবি সুফিয়া কামালের কনিষ্ঠ কন্যা এবং বিশিষ্ট মানবাধিকারকর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালের ছোট বোন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি নিউমোনিয়া ও কিডনিজনিত সমস্যার কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় সাঈদা কামাল তাঁর বড় বোন সুলতানা কামালের সঙ্গে রণাঙ্গনে বাংলাদেশ ফিল্ড হাসপাতালে সেবিকার দায়িত্ব পালন করেন। যুদ্ধাহত মানুষের সেবায় তাঁর এই অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘সর্বাধিনায়কের বিশেষ প্রশংসাপত্র’ (CinC’s Special Commendation) লাভ করেন।

মুক্তিযুদ্ধে অবদানের পাশাপাশি দেশের চারুশিল্পের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাঈদা কামাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পড়াশোনা শেষে ভারতের শান্তিনিকেতনের কলাভবনে নকশা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি। তাঁর শিল্পকর্ম নিয়ে দেশে-বিদেশে একাধিক একক ও যৌথ চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর একমাত্র কন্যা যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর আগামী মঙ্গলবার জানাজা শেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে। এর আগে তাঁর মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে।

সাঈদা কামাল টুলুর মৃত্যুতে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও শিল্পাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা এবং শিল্পকলায় অবদানের মধ্য দিয়ে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ