শিরোনাম

আইনজীবী সালেহ আহমেদের বিদায় উপলক্ষে লন্ডনে সুনামগঞ্জ সদর অ্যাসোসিয়েশনের মিলনমেলা

প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৬

আইনজীবী সালেহ আহমেদের বিদায় উপলক্ষে লন্ডনে সুনামগঞ্জ সদর অ্যাসোসিয়েশনের মিলনমেলা

ইমদাদুন খান : লন্ডন, ১২ অক্টোবর ২০২৬:প্রবাসে সুনামগঞ্জবাসীর সম্প্রীতি, সৌহার্দ্য ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ সদর অ্যাসোসিয়েশনের এক মতবিনিময় সভা ও মিলনমেলা।

সোমবার সন্ধ্যা ৬টায় হোয়াইটচ্যাপেলের বারাকা রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুনামগঞ্জের বিশিষ্ট আইনজীবী সালেহ আহমেদের সংক্ষিপ্ত লন্ডন সফর শেষে ফিরে যাওয়ার প্রাক্কালে তাঁকে সম্মান জানাতে এ বিশেষ আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে সালেহ আহমেদের সঙ্গে তাঁর সহধর্মিণী ও বোন-দুলাভাই উপস্থিত ছিলেন। এ ছাড়া সুনামগঞ্জ সদর অ্যাসোসিয়েশনের প্রায় সব সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। স্বল্প সময়ের মধ্যে আয়োজিত এ মিলনমেলা পরিণত হয় প্রবাসে সুনামগঞ্জবাসীর এক আন্তরিক পারিবারিক মিলনক্ষণে।

সুনামগঞ্জ সদর অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ ফরিদের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। শুরুতে স্বাগত বক্তব্য দেন দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি সেযুল হক, ড. রওয়াব উদ্দীন জাহিদ, মিটু, শামীম, বাবুল তালুকদার, সালাম ও নার্গিসসহ অন্যরা। বক্তারা সুনামগঞ্জের স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁদের বক্তব্যে উঠে আসে জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা, শেকড়ের টান এবং প্রবাসে একে অপরের পাশে থাকার প্রত্যয়।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন রেশিয়া খান। এ সময় জালালের সুস্থতা কামনা এবং কামালের রুহের মাগফিরাত ও জান্নাত লাভের আশায় বিশেষ দোয়া করা হয়।

সভাপতি আব্দুল আজিজের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রমের সমাপ্তি ঘটে। পরে উপস্থিত অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। গল্প, আড্ডা, পান-সুপারি ও আন্তরিক কথোপকথনের মধ্য দিয়ে সবাই উপভোগ করেন এক আনন্দঘন সন্ধ্যা।

প্রবাসের ব্যস্ত জীবনে এমন আয়োজন সুনামগঞ্জবাসীর পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি নিজ এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ ও সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন উপস্থিত সদস্যরা।

কলমে: ইমদাদুন খান
তারিখ: ১২ অক্টোবর ২০২৬

এ সংক্রান্ত আরও সংবাদ