ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন ইমদাদুন খান
প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৬
লন্ডন থেকে ইমদাদুন খান : ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সহ-সভাপতি পদে বিজয় লাভ করেছেন ইমদাদুন খান। একই সঙ্গে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহেদ রাহমান, সেক্রেটারি আব্দুল বাছির এবং ট্রেজারার মির্জা আবুল কাসেম।
রবিবার (১৮ জানুয়ারি) পূর্ব লন্ডনের একটি হলরুমে সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এজিএমে সভাপতিত্ব করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির বর্তমান সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি মিজানুর রহমান মীরু।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে তিন সদস্যের নির্বাচন কমিশনের সার্বিক তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক স্পিকার আহবার হোসেন, সাংবাদিক মোসলেহ উদ্দিন এবং সাবেক স্পিকার খালিস উদ্দিন আহমেদ। সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোট গ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
ভোট গ্রহণ শেষে উপস্থিত সদস্যদের সামনে ভোট গণনা করে নির্বাচন কমিশন বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচন সাংবাদিকদের এক মিলনমেলায় পরিণত হয়। উল্লেখযোগ্য বিষয় হলো,২০১৭ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো কার্যনির্বাহী কমিটি গঠনে আনুষ্ঠানিক নির্বাচন প্রথা চালু হলো, যা সংগঠনের গণতান্ত্রিক চর্চায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।