জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূর এর বদলীজনিত কারণে বৃহস্পতিবার দুপুরে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী। সহকারী শিক্ষক চিত্ত রঞ্জন দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী ইউএনও মুশফিকীন নূর। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক আব্দুর রব এবং জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দশম শ্রেণির শিক্ষার্থী পূর্বা পাল। বক্তব্যে ইউএনও মুশফিকীন নূর বলেন, প্রায় দুই বছর জামালগঞ্জ উপজেলায় কর্মরত ছিলাম। এই সময়ে আমি আমার পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করেছি। যদি কাজকর্মের সময় কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার নতুন কর্মস্থল মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ই এপ্রিল কৃষি কার্ড উদ্বোধন করবেন। তাই তাৎক্ষণিক নির্দেশনার কারণে আগামীকাল নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে বিদায় নেওয়ার সুযোগ হয়নি, তার জন্য আন্তরিক ভাবে দুঃখিত।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকগণ উপস্থিত ছিলেন।