স্টাফ রিপোর্টার:
‘তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ’— এই মহৎ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সদর ইউনিয়নের চাঁনপুর মাদ্রাসা প্রাঙ্গণে আল-ইক্বরা ইসলামী যুব সংঘ, চাঁনপুর-এর উদ্যোগে এবং ব্লাড ব্যাংক জামালগঞ্জ-এর আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে ৪৫৬ জন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
শুধু রক্তের গ্রুপ নির্ণয় নয়, ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের রক্তদানের উপকারিতা, ডেলিভারি রোগীর রক্তশূন্যতা রোধে করণীয় এবং সময়মতো রক্তদাতা প্রস্তুত রাখার বিষয়ে সচেতনতা ও পরামর্শ প্রদান করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লাড ব্যাংক জামালগঞ্জের স্বেচ্ছাসেবী মো. উজ্জ্বল হোসেন, মো. সুমন আহমেদ, হামিদুল ইসলাম, শিব্বির আহমেদ, নাহিদ আহমেদ, তৈয়বুর রহমান, মুস্তাক আহমেদ, শাহিদ মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন আল-ইক্বরা ইসলামী যুব সংঘের সভাপতি মাওলানা খোরশেদ আলম, তারিকুল ইসলাম, মাওলানা হুমায়ুন কবির, মাওলানা শফিকুল ইসলাম সাদ্দাম, মাওলানা আল আমিন সাদী, মাওলানা জাহাঙ্গীর আলম, কারী আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুর রহমান, মুফতি লোকমান মাসুম, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা সোহরাব আহমদ প্রমুখ।
আয়োজক সূত্রে জানা যায়, ২০২০ সালের শুরু থেকে এখন পর্যন্ত ব্লাড ব্যাংক জামালগঞ্জ বিনামূল্যে ৯ হাজার ৪৫২ জনের রক্তের গ্রুপ নির্ণয় করেছে এবং বিভিন্ন মুমূর্ষু রোগীর জন্য ১ হাজার ৯৯৭ ব্যাগ রক্ত সরবরাহ করেছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
ব্লাড ব্যাংক জামালগঞ্জের প্রতিষ্ঠাতা মো. উজ্জ্বল হোসেন বলেন, জামালগঞ্জসহ সারাদেশে রক্তের ব্যাপক চাহিদা রয়েছে। এই চাহিদা পূরণে বেশি বেশি ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালনা এবং মানুষকে রক্তদানে উৎসাহিত করার কার্যক্রম অব্যাহত রাখতে হবে। এজন্য বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে।