শেখ হাসিনা বলেন, ‘আমি আমাদের ছেলেমেয়েদের বলতে চাই যে তোমরা প্রতিভা বিকাশের জন্য প্রযুক্তির দ্বারা তৈরি সুযোগকে কাজে লাগাও।’
বাংলাদেশকে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। এটি আমাদের লক্ষ্য এবং আমরা লক্ষ্য অর্জনের জন্য প্রজন্মের পর প্রজন্ম গড়ে তুলতে চাই। আমরা পিছিয়ে পড়তে চাই না।’
মেধাবীদের দেশের ‘মশালবাহক’ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, মেধাবীরা তাঁদের জ্ঞানকে কাজে লাগিয়ে প্রজন্মের পর প্রজন্মকে আলোর পথ দেখাবেন।’
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। কারণ, শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি সম্ভব নয়।
২০২৩-২৪ অর্থবছরে শিক্ষা খাতে ৮৮ হাজার ১৬২ কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার শিক্ষার সার্বিক উন্নয়ন নিশ্চিত করার জন্য কলেজ-বিশ্ববিদ্যালয় স্থাপন, উচ্চশিক্ষার জন্য ফেলোশিপ প্রদানসহ সব ব্যবস্থা গ্রহণ করেছে।
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার মেরিটাইম, অ্যারোস্পেস, অ্যাভিয়েশন, বিজ্ঞান ও প্রযুক্তির মতো বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় স্থাপন করে শিক্ষাকে বহুমাত্রিক করেছে। তাঁর সরকার গবেষণা ও বিজ্ঞানকে অগ্রাধিকার দিয়েছে।