
সেলিম আহম্মেদ,ধর্মপাশা : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় তাদের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ইসলামী ঐক্যজোটের বাহিরে এসে একক নির্বাচনে অংশ নেওয়ার কারণ উল্লেখ করে জানান, ইসলামী ঐক্যজোটের শরিক দলগুলোর মধ্যে আদর্শিক ও কৌশলগত কিছু ভিন্নতা রয়েছে। অনেক সময় বড় দলগুলোর সাথে জোটবদ্ধ থাকলে ছোট দলগুলোর নিজস্ব প্রতীক (হাতপাখা) ও দলীয় ইশতেহার ঢাকা পড়ে। সেটি এড়াতেই এই একক যাত্রার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরে নেতৃবৃন্দ জানান, একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান তারা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যাপক ডা: রফিক ইসলাম চৌধুরী।ইসলামী আন্দোলন বাংলাদেশের সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি মুহাম্মদ সিদ্দিকুর রহমান ছোটন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ধর্মপাশা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আজিজুর রহমান, সহ-সভাপতি মুফতি যুবায়ের আলম, সাধারণ সম্পাদক শামছ উদ্দিন আহম্মদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের তাহিরপুর উপজেলা শাখার সহ-সভাপতি এম সালমান আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস প্রমুখ।