শিরোনাম

যিনি রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়াতেন, আজ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেই উজ্জ্বলের

প্রকাশিত: ৬:১২ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬

যিনি রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়াতেন, আজ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেই উজ্জ্বলের

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জামালগঞ্জ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও মানবিক স্বেচ্ছাসেবী মোঃ উজ্জ্বল হোসেন।

আজ সোমবার সকালে মোটরসাইকেলে করে মৌলভীবাজার যাওয়ার পথে সুনামগঞ্জের ডাবর সিচনী পয়েন্ট এলাকায় একটি বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

উজ্জ্বল হোসেন শুধু একজন রক্তদাতা ছিলেন না, তিনি ছিলেন অসংখ্য মানুষের বিপদের সময়ের ভরসা। জামালগঞ্জসহ পুরো সুনামগঞ্জের মুমূর্ষু রোগীদের জন্য নিয়মিত রক্তের ব্যবস্থা করে দিতেন তিনি। নিজের উদ্যোগে রক্ত সংগ্রহ ও রোগীদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন।

মানবতার সেবায় নিজেও ২৯ বার স্বেচ্ছায় রক্তদান করেছেন উজ্জ্বল হোসেন। বাংলাদেশ আনসার সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি স্বেচ্ছাসেবী ও মাদকবিরোধী বিভিন্ন কার্যক্রমেও যুক্ত ছিলেন তিনি।

মানুষের জীবন বাঁচাতে যিনি প্রতিনিয়ত রক্তের ব্যবস্থা করতেন, আজ সেই মানুষটিই সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারালেন। তাঁর মৃত্যুতে জামালগঞ্জসহ পুরো সুনামগঞ্জের সামাজিক ও স্বেচ্ছাসেবী অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

উজ্জ্বল সত্যিই তাঁর নামের মতোই ছিলেন—অন্যের জীবনে আলো ছড়ানো এক উজ্জ্বল মানুষ। আজ সেই উজ্জ্বল আলো নিভে গেল।

মহান আল্লাহ মরহুম উজ্জ্বল হোসেনকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন। আমিন।

এ সংক্রান্ত আরও সংবাদ