প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন: জামালগঞ্জের কৃতি শিক্ষার্থী মো. সামি
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৬
নিজস্ব প্রতিবেদক::
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মুখ উজ্জ্বল করেছে মেধাবী শিক্ষার্থী মো. সামি। তার এই কৃতিত্বে পরিবার, শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। মো. সামি জামালগঞ্জ উপজেলার ধানুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে। বর্তমানে সে জামালগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।
জানা যায়, সামি এর গ্রামের বাড়ি উপজেলার উত্তর কামলাবাজ গ্রামে। তার পিতা মো. দেলোয়ার হোসেন এবং মাতা শিক্ষক মোছা. খাতিবুন নেছা। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী, মেধাবী ও শৃঙ্খলাপরায়ণ সামি পরিবারের উৎসাহ, শিক্ষকদের দিকনির্দেশনা এবং নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে। ধানুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা জানান, সামি বিদ্যালয়ের একজন নিয়মিত, ভদ্র ও মেধাবী শিক্ষার্থী ছিল। তার এই সাফল্য বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করেছে এবং অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
বর্তমানে জামালগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত সামি ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার স্বপ্ন দেখছে।
সামির এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তার পরিবার সকলের কাছে দোয়া কামনা করে জানিয়েছে, ভবিষ্যতেও যেন সে মেধা, সততা ও অধ্যবসায়ের মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করতে পারে।
মো. সামির এই অর্জন শুধু তার পরিবারের নয়, ধানুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামালগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এবং সমগ্র জামালগঞ্জ উপজেলার জন্য গর্বের বিষয়। তার এই সাফল্য নতুন প্রজন্মকে শিক্ষা ও অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে।