বৃত্তি অর্জনে উপজেলার সেরা জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৬
আব্দুস সামাদ আফিন্দী ::
২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মধ্যে সেরা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিভিন্ন বেসরকারি (কেজি) স্কুল থেকে মোট ৮শত৩ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৯১ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।
প্রাপ্ত ফলাফলে ট্যালেন্টপুলে (সরকারি) ৩৮ জন, ট্যালেন্টপুলে (বেসরকারি) ৯ জন, সাধারণ গ্রেডে (সরকারি) ৩৫ জন এবং সাধারণ গ্রেডে (বেসরকারি) ৯ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে।
ফলাফলের ভিত্তিতে জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার সেরা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে। এ বিদ্যালয় থেকে ৯ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৫ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে হাজী কালাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তৃতীয় স্থানে রয়েছে কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ বিষয়ে জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিমুন নাহার বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে আমার বিদ্যালয় উপজেলার সেরা হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। এ সাফল্যের পেছনে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা রয়েছে। এজন্য উপজেলা শিক্ষা অফিস, সহকারী শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
এদিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক ও স্বজনরা সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ প্রকাশ করে সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের এ সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
ফলাফলে সন্তোষ প্রকাশ করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার বলেন, জামালগঞ্জ উপজেলার শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে। এ অর্জন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আগামী দিনেও শিক্ষার মানোন্নয়নে আমরা কাজ করে যাব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক বলেন, বৃত্তি পরীক্ষায় জামালগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের এই সাফল্য অত্যন্ত গর্বের। বিশেষ করে জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্জন অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে উপজেলা প্রশাসন সবসময় সহযোগিতা অব্যাহত রাখবে।