সেলিম আহম্মেদ, ধর্মপাশা: সুনামগঞ্জের ধর্মপাশায় চটপটি ব্যবসায়ী তোহাদ আহমেদ ওরফে হিরন (৩১) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের ধর্মপাশা বড়পাড়া গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাত ৮টার পর রাতের খাবার শেষে তাঁর কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়ে, পরে সকালে শাহ লেংটার মাজারে দোকান নিয়ে যাওয়ার জন্য তাঁর ছোট ভাই দীর্ঘক্ষণ ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেলে স্বজনরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ফ্যানের লোহার সঙ্গে দরজার পর্দা প্যাঁচিয়ে ঝুলে আছে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
ধর্মপাশা থানার উপপরির্দশক মো.সাব্বির হোসেন জানান, ওই চটপটি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সুরতহাল নেওয়া হয়েছে। কি কারণে আত্মহত্যা করে থাকতে পারে এমন প্রশ্ন উত্তরে তিনি বলেন, তাৎক্ষণিক মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করা হবে। এছাড়া বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।