জামালগঞ্জে ছাত্রী হোস্টেল ইস্যুতে সুপার সিক্সটির বিক্ষোভ ও মানববন্ধন
প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
আব্দুস সামাদ আফিন্দী ::
জামালগঞ্জ সরকারি কলেজের ছাত্রী হোস্টেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে উপজেলা পরিষদ গেইট প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় আয়োজিত এ কর্মসূচিতে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেইটে মিলিত হয়।
এসময় বক্তারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত রঞ্জন দে ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেন। তারা বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে অভিযুক্তদের সাময়িক অপসারণ করে শিক্ষাঙ্গনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
‘সুপার সিক্সটি’ আঞ্চলিক মানবাধিকার সংগঠনের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের অনিয়ম বা অনাকাঙ্ক্ষিত ঘটনা বরদাস্ত করা হবে না। দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন তোফাজ্জল ইসলাম, আব্দুস সামাদ আফিন্দী, বায়েজিদ আহমদ, এবাদুর রহমান, রাহাদ আলম হৃদয়, আবতাহিনুর খাঁন উদয় খোকন মিয়া,লিমন,সালমান,আবু ইউসুফ নাঈম প্রমূখ।