হাওর রক্ষা বাঁধ পরিদর্শনে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৬
ছাতক প্রতিনিধি : ছাতকে হাওর রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে ছাতক উপজেলার সিংচাপইড়, জাউয়াবাজার ও দক্ষিণ খুরমা ইউনিয়নের চাউলির হাওর এলাকায় ৮, ১৮, ২৪, ২০ ও ১৫ নম্বর পিআইসি পরিদর্শন করা হয়। পরিদর্শনে দেখা যায়, অধিকাংশ বাঁধের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
৮ নম্বর পিআইসিতে খণ্ড খণ্ড স্থানে বাঁধ নির্মাণ শেষ হলেও সেখানে জরুরি ভিত্তিতে ঘাস লাগানো প্রয়োজন। অন্যথায় বৃষ্টি হলে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ওই পিআইসিতে কোনো সাইনবোর্ডও দেখা যায়নি। ১৮ নম্বর পিআইসির কাজ শেষ হলেও এখনও ঘাস লাগানো হয়নি। ২০ নম্বর পিআইসিতে সাইনবোর্ড রয়েছে এবং কাজও শেষ হয়েছে। তবে মাঝখানে কাজ সম্পন্ন হলেও পূর্ব ও পশ্চিম পাশে কিছু জায়গায় এখনও মাটি দেওয়া হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, ওই অংশ পিআইসির আওতার বাইরে রয়েছে।১৫ নম্বর পিআইসির কাজ শেষ হয়েছে এবং সাইনবোর্ডও রয়েছে। তবে ঘাস লাগানোর কাজ এখনও বাকি রয়েছে। ২৪ নম্বর পিআইসির কাজও শেষ পর্যায়ে রয়েছে, তবে মাঝখানে কিছু অংশে এখনও কাজ চলমান। যে অংশের কাজ শেষ হয়েছে সেখানে ঘাস লাগানো জরুরি।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাঁধের কাজ প্রায় ৮৫ শতাংশ সম্পন্ন হয়েছে। বাঁধের কাজ গত ২৮ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও নির্বাচনসহ বিভিন্ন কারণে কিছুটা বিলম্ব হয়েছে। তবে অসম্পূর্ণ কাজ যথাযথভাবে শেষ করার জন্য সরকারিভাবে আরও ১৫ দিন সময় বৃদ্ধি করা হয়েছে।
পরিদর্শনকালে হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা শাখার আহ্বায়ক দিলোয়ার হোসেন ও সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদার বলেন, বাঁধের কাজ মোটামুটি শেষ এবং পর্যাপ্ত মাটি দেওয়া হয়েছে। তবে কয়েকটি স্থানে ঘাস লাগানো হয়নি, কোথাও কোথাও মাটিতে ফাটল দেখা গেছে এবং কিছু জায়গায় মাটি অগোছালো রয়েছে,বিভিন্ন পিআইসি খন্ড খন্ড স্থানে রয়েছে। তারা আশা প্রকাশ করে বলেন, সময়সীমা বাড়ানো হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে এসব সমস্যা সমাধান করা হবে। পাশাপাশি প্রশাসন ও মনিটরিং কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, ছাতকের মোট ২৭টি পিআইসি পরিদর্শনের মাধ্যমে হাওর রক্ষা বাঁধকে মজবুত ও টেকসই করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
পরিদর্শনকালে সংগঠনের সিনিয়র সদস্য জামিল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।