শিরোনাম

লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি জামালগঞ্জের আবু হামজা, মুক্তিপণ দাবি ২৬ লাখ টাকা

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬

লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি জামালগঞ্জের  আবু হামজা, মুক্তিপণ দাবি ২৬ লাখ টাকা

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নয়াহালট গ্রামের যুবক আবু হামজা লিবিয়ায় মানবপাচারকারী চক্রের হাতে জিম্মি হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উন্নত জীবনের আশায় পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে বিদেশে গেলেও এখন তিনি চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
পরিবার সূত্রে জানা যায়, দালালের মাধ্যমে লিবিয়ায় পৌঁছানোর পরপরই একটি সংঘবদ্ধ মাফিয়া চক্র তাকে আটক করে। সম্প্রতি পরিবারের সদস্যদের কাছে ভিডিও কলের মাধ্যমে জিম্মি অবস্থার একটি দৃশ্য দেখানো হয়। এ সময় তাকে নির্যাতন করা হচ্ছে বলেও দাবি স্বজনদের।
অপহরণকারীরা আবু হামজার মুক্তির বিনিময়ে ২৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানা গেছে। এত বড় অঙ্কের টাকা জোগাড় করা দরিদ্র পরিবারের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন তারা। এতে পরিবারে নেমে এসেছে চরম উৎকণ্ঠা ও কান্নার রোল।
আবু হামজার মা কান্নাজড়িত কণ্ঠে সমাজের বিত্তবান ও প্রবাসী বাংলাদেশিদের কাছে সাহায্যের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমার ছেলেকে বাঁচাতে আপনারা এগিয়ে আসুন। আমরা অসহায়। এত টাকা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ