ছাতক পৌরসভা যোগ্য প্রার্থীর অপেক্ষায় ; পৌরবাসীর সেবক হওয়ার আগ্রহী মোহাম্মদ আফছার উদ্দিন
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৬
ছাতক প্রতিনিধি : আসন্ন নগরপিতা নির্বাচনে সরগরম হয়ে উঠেছে ছাতক পৌর এলাকা। সম্ভাব্য একাধিক প্রার্থীর দৌড়ঝাঁপে বিভিন্ন মহল্লায় চলছে আলোচনা-সমালোচনা। দীর্ঘদিন পর পৌরবাসী পাচ্ছেন যোগ্য প্রতিনিধি বাছাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ। ভোটারদের প্রত্যাশা—এবারের নির্বাচন হবে উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ।
এমন সময়ে সামনে আসছেন পরিচিত ও অভিজ্ঞ মুখ— মোহাম্মদ আফছার উদ্দিন। তিনি পৌর শহরের বাগবাড়ি মহল্লার স্থানীয় বাসিন্দা। পিতা মরহুম মোহাম্মদ আব্দুল কবির মিয়া এবং মাতা মোছাম্মদ মমতাজ কবির।
আফছার উদ্দিন দীর্ঘ প্রায় ১৫ বছর সৌদি আরবে সরকারি ফার্মাসিস্ট হিসেবে কর্মরত ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়-এ অধ্যয়নকালে তিনি জাতীয়তাবাদী ছাত্রদল-এর প্রতিষ্ঠালগ্ন থেকে যুক্ত ছিলেন। ১৯৮২ সালে শহীদুল্লাহ হল ছাত্র সংসদের নাট্য সম্পাদক হিসেবে নির্বাচিত হন এবং পরবর্তীতে শহীদুল্লাহ হল ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে—
সহ-সাহিত্য সম্পাদক, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটি (সাবেক)
সাবেক সভাপতি, ছাতক পৌর বিএনপি
সাবেক সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপি
১/১১ সময়কালে মইনুদ্দীন-ফখরুদ্দীন সরকারের আমলে তিনি সিলেট বিভাগীয় বিএনপির সাংগঠনিক কমিটির তিন সদস্যের একজন ছিলেন। এছাড়া হুসেইন মুহাম্মদ এরশাদ-বিরোধী আন্দোলনে অংশ নিয়ে একাধিকবার কারাবরণ করেন।
আওয়ামী লীগ সরকারের আমলে একটি গায়েবি হত্যা মামলায় (৩০২) দুই মাস কারাবরণ করেন এবং বর্তমানে সেই মামলায় (জি আর ৪১/১৭) সিলেট আদালতে হাজিরা দিতে হচ্ছে বলে জানা গেছে।
দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য তিনি বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি প্রচারবিমুখ ও নির্যাতিত নেতা হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে নীরবে পৌরবাসীর পাশে থেকে কাজ করায় সচেতন ভোটারদের মাঝে তাকে ঘিরে ইতিবাচক আলোচনা রয়েছে।
মোহাম্মদ আফছার উদ্দিন জানিয়েছেন, সুযোগ পেলে তিনি ছাতক পৌরসভা-র নাগরিক সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করবেন।