সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের কান্দিগাঁও (মোকামপাড়া) এলাকায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা কেটে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (আজ) ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, কান্দিগাঁও এলাকার শাহ আরফিন মোকামের উত্তর পাশে একটি জমিতে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে দ্রুত উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের আগস্ট মাসে একই জমি সংক্রান্ত বিরোধের জেরে আজকের আহত ব্যক্তি অভিযুক্ত জুলহাস মিয়ার গলায় গুরুতর আঘাত করেন। সেই ঘটনার জের ধরেই প্রতিশোধমূলক এ হামলা সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পরপরই র্যাব ও পুলিশের যৌথ অভিযানে মূল অভিযুক্ত মো. জুলহাস মিয়াকে আটক করা হয়। আহত ব্যক্তির ছেলে এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আটককৃত আসামির পরিচয়
নাম: মো. জুলহাস মিয়া (৫৫) পিতা: মোহাম্মদ হোসেন।
ঠিকানা: কান্দিগাঁও (মোকামপাড়া),১নং রঙ্গারচর ইউনিয়ন, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ।
সুনামগঞ্জ থানার ওসি রতন শেখ জানান,উক্ত ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।