শিরোনাম

সুনামগঞ্জে ভোটার সচেতনতা বৃদ্ধিতে জেলা-ভিত্তিক প্রশিক্ষণ

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৬

সুনামগঞ্জে ভোটার সচেতনতা বৃদ্ধিতে জেলা-ভিত্তিক প্রশিক্ষণ

সুনামগঞ্জে আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা-ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জেলা শিল্পকলা একাডেমি, সুনামগঞ্জে সুনামগঞ্জ জেলা ফোরাম–এর আয়োজনে “ভোটার শিক্ষা জেলা আউটরিচ সহায়ক প্রশিক্ষণ” শীর্ষক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইয়ুথ এন্ডিং হাঙ্গার এবং সুনামগঞ্জ জেলা ফোরামের সক্রিয় সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে গণতন্ত্রের মৌলিক ধারণা, নির্বাচনের গুরুত্ব, ভোট গ্রহণের নিয়মকানুন, ভোটারদের অধিকার ও সংশ্লিষ্ট আইন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার পদ্ধতি এবং গণভোটের তাৎপর্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা ও ইন্টারঅ্যাকটিভ সেশনের মাধ্যমে বিষয়গুলো অংশগ্রহণকারীদের কাছে আরও স্পষ্টভাবে তুলে ধরা হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়কারী (সিলেট অঞ্চল) ও জাতীয় যুগ্ম সমন্বয়কারী বর্না দাস, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের জেলা সমন্বয়কারী পার্থ সাহা, সমন্বয়কারী, যুগান্তর ইউনিট সুমাইয়া আক্তার।

আয়োজকরা জানান, এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে দায়িত্বশীল ভোটার হিসেবে সচেতনতা সৃষ্টি হবে এবং তারা মাঠপর্যায়ে ভোটার সচেতনতা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ