সিলেট প্রতিনিধি : সিলেটে নিখোঁজ থাকা যুক্তরাজ্য প্রবাসী বোরহান উদ্দিন শফির অগ্নিদগ্ধ লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। সুনামগঞ্জ জেলা বিএনপির নেতা ও জগন্নাথপুর পৌরসভার হবিবপুর গ্রামের অ্যাডভোকেট জিয়াউর রহমান শাহিন বিলাত বাংলা নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জকিগঞ্জ উপজেলার একটি হাওর এলাকা থেকে পুলিশ শফির মরদেহ উদ্ধার করে জকিগঞ্জ থানায় নিয়ে আসে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত বোরহান উদ্দিন শফি সিলেট নগরীর চৌকিদেখী এলাকার বাসিন্দা। তিনি চৌকিদেখির রঙধনু আবাসিক এলাকার ১ নম্বর গলির ৩৪ নম্বর বাসার হাজী সওমছু মিয়ার ছেলে। গত ২৮ জানুয়ারি তিনি যুক্তরাজ্য থেকে সিলেটে আসেন। পরে ৩০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কুলাউড়া যাওয়ার উদ্দেশ্যে নিজ বাসা থেকে (সিলেট-মেট্রো-ল-১২-৮০১৯) নম্বরের একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল নিয়ে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার রাতের একটি সিসি ক্যামেরা ফুটেজ প্রশাসনের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। ওই ফুটেজে দেখা যায়, শফি তার মোটরসাইকেলে এক অজ্ঞাত যুবককে নিয়ে নগরীর লামাবাজার পয়েন্ট হয়ে বাতালি এলাকার দিকে যাচ্ছেন। মোটরসাইকেলে থাকা ওই আরোহীকে শফির পরিবারের কেউ চিনতে পারেননি, যা পরিবারকে আরও উদ্বিগ্ন ও আতঙ্কিত করে তুলেছে।
প্রযুক্তির সহায়তায় শফির মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ কার্যক্রম এবং সিসি ফুটেজের সূত্র ধরে প্রশাসন তদন্তে অগ্রসর হচ্ছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
এ ঘটনায় শফির পরিবার এসএমপি’র এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নম্বর- ১৫৫৮।
নিখোঁজ প্রবাসীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধারের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পুরো সিলেটজুড়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষ করে নির্বাচনকালীন সময়ে এমন ঘটনায় সিলেটে অবস্থানরত প্রবাসীদের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।