ছাতক–দোয়ারা আসনে ভোটের মাঠে রেকর্ড গড়ার পথে কলিম উদ্দিন আহমদ মিলন
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৬
সুজন তালুকদার,ছাতক প্রতিনিধি : ছাতক–দোয়ারা জাতীয় সংসদ নির্বাচনী আসনে ভোটের মাঠে নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন সাবেক তিন বারের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন—এমন আলোচনা এখন এলাকায় চায়ের দোকান থেকে শুরু করে হাটবাজার পর্যন্ত সর্বত্র।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বর্তমান প্রেক্ষাপটে এ আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী না থাকায় নির্বাচনী সমীকরণে এগিয়ে রয়েছেন বিএনপির জনপ্রিয় এই নেতা। সাধারণ ভোটারদের মধ্যেও মিলনকে ঘিরে বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা।
নির্বাচনী মাঠে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন কেন্দ্রীয় বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান। তিনি নিজ কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয় ভূমিকা রাখছেন। বিভিন্ন জনসভা ও পথসভায় মিলন ও মিজান এক কণ্ঠে ঘোষণা দিয়েছেন—ছাতক–দোয়ারা আসনে ধানের শীষের কোনো বিকল্প নেই, জনগণ ধানের শীষকেই বিজয়ী করবে।
অন্যদিকে, জামায়াত মনোনীত প্রার্থী আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম আল মাদানীও শক্ত অবস্থানে রয়েছেন। তার পক্ষেও কর্মী-সমর্থকদের মধ্যে বিজয়ের প্রত্যাশা দেখা যাচ্ছে। পাশাপাশি কিছু নতুন ভোটারের মধ্যেও তাকে নিয়ে আলোচনা রয়েছে।
এ আসনের ১৭০টি ভোটকেন্দ্রের ভোটারদের মতামত ও রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করে অনেকেই মনে করছেন, ছাতক–দোয়ারা থেকে মন্ত্রীত্ব পাওয়ার যে স্বপ্ন সর্বদলীয় সাধারণ মানুষের রয়েছে, তা বাস্তবায়নের পথে এগিয়ে আছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও তিন বারের এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।
সব মিলিয়ে, ছাতক–দোয়ারা নির্বাচনী আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে স্থানীয় রাজনীতিতে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৫ আসনে মোট ভোটার ৫ লাখ ২৭ হাজার ৪৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭০ হাজার ৬২০ জন, নারী ভোটার ২ লাখ ৫৬ হাজার এবং হিজড়া ভোটার ২ জন। দুটি উপজেলায় মোট ভোটকেন্দ্র ১৭০টি।
অন্যান প্রার্থীরা হলেন জাতীয় পার্টির মোহাম্মদ জাহাঙ্গীর আলম (লাঙ্গল) তিনিও আওয়ামীলীর ভোটে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও কেউ কেউ বলছেন।
খেলাফত মজলিসের মোহাম্মদ আব্দুল কাদির (দেয়াল ঘড়ি)
এনপিপির মো. আজিজুল হক (আম)।