আমার জীবনের শেষ নির্বাচন আপনারা ধানের শীষে ভোট দিন—নাছির চৌধুরী
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৬
সৈদুর রহমান তালুকদার দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জ -০২( দিরাই -শাল্লা) আসনে বিএনপির প্রার্থী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক, সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী বলেছেন দীর্ঘ প্রায় পঞ্চাশ বছরের রাজনীতিতে আমি সবসময় দিরাই শাল্লার মানুষের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আপনারা আমাকে দুই বার দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং একবার এমপি বানিয়েছেন, আপনাদের এ ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই, আমি এমপি হলেও বিরোধী দলের এমপি হওয়ায় আশানুরূপ উন্নয়ন করতে পারিনি। তেমনি সুরঞ্জিত বাবু বার বার এমপি হয়েছেন কিন্তু বিরোধী দলের এমপি হওয়ায় তেমন উন্নয়ন করতে পারেননি। এবার ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান দিরাই শাল্লার উন্নয়নের দায়িত্ব নিয়েছেন,সুতরাং আপনারা ধানের শীষে ভোট দেন, আমি উন্নয়ন এনে দেবো, তিনি বলেন, বিএনপি ও আওয়ামী স্বাধীনতার পক্ষের দল তারা আমাদের মিত্র, আমরা একসাথে মুক্তিযুদ্ধ করেছি। জামায়াত আমাদের বন্ধু নয়, তার মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি ।বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, আমি জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সেবা করতে চাই, এটা আমার জীবনের শেষ নির্বাচন,আমি কোনদিন আর ভোট চাইতে আসবনা। আপনারা সবাই দলমতের উর্ধে উঠে ধানের শীষে ভোট দিবেন। এ জয় হবে খালেদা জিয়ার, জয় হবে তারেক রহমানের, এজয় হবে আপনাদের। রোববার বিকেলে দিরাই উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব ইকবাল হোসেন চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য অবসর প্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি,সুনামগঞ্জ জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত এডভোকেট আব্দুল হক, সুনামগঞ্জ জেলা জাসাসের সভাপতি শেরগুল আহমেদ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল মনসুর শওকত, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ নাছির চৌধুরীর বড় মেয়ে নাজিয়া চৌধুরী সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত অর্ধশত নেতাকর্মী।সকাল থেকে দিরাই উপজেলার ইউনিয়ন থেকে মিছিল সহকারে ধানের শীষ ধানের শীষ শ্লোগানে মুখরিত ছিল দিরাই বাজারের অলিগলি।