শিরোনাম

নদীর চোরাবালিতে নিভে গেল মুসআব আমিনের জীবন : শাবিপ্রবির ক্যাম্পাসজুড়ে নেমে এসেছে শোকের ছায়া

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৬

নদীর চোরাবালিতে নিভে গেল মুসআব আমিনের জীবন : শাবিপ্রবির ক্যাম্পাসজুড়ে নেমে এসেছে শোকের ছায়া

শাবিপ্রবি প্রতিনিধি :  সিলেটের জৈন্তাপুরে নীল নদ খ্যাত সারী নদীতে ডুবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. মুসআব আমিনের মর্মান্তিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে জৈন্তাপুর উপজেলার সারী নদীর সাহেব মারা ড্রয়ার নামক স্থানে চোরাবালিতে আটকে পড়ে তার মৃত্যু হয়। প্রায় তিন ঘণ্টার উদ্ধার অভিযানের পর বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।
মুসআব আমিন শাবিপ্রবির ইইই বিভাগের ২০২২–২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি গাজীপুর জেলার কালিয়াকর উপজেলার সকিপুর গ্রামের মো. শহিদুর রহমানের ছেলে। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর ক্যাম্পাসে নেমে আসে নীরবতা। সহপাঠী, বন্ধু ও শিক্ষকরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তায় তাকে স্মরণ করছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
সম্ভাবনাময় এক শিক্ষার্থীর এমন অকাল মৃত্যু শাবিপ্রবি পরিবারে যে শূন্যতা তৈরি করেছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

এ সংক্রান্ত আরও সংবাদ