লন্ডন প্রতিনিধি:
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে লন্ডনের নিউ রোডের একটি ছোট্ট হলে প্রবীণ ও সুনামধন্য সাংবাদিক বকসি ইকবালকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় আয়োজিত এ সভায় সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, লেখকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের সুনামধন্য প্রবীণ সাংবাদিক বকসি ইকবাল। তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা, স্মৃতি ও বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত অতিথিদের সঙ্গে প্রাণবন্ত মতবিনিময় হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত প্রেসিডেন্ট অধ্যক্ষ শাহেদ রহমান, সাবেক প্রেসিডেন্ট সাজিদ রহমান, সাধারণ সম্পাদক আব্দুল বাছিরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা। এছাড়াও বাইরের বিভিন্ন সম্মানিত অতিথি অনুষ্ঠানে অংশ নেন।
সাধারণ সম্পাদক আব্দুল বাছিরের দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানে গুণীজনরা তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। তাঁদের প্রাণবন্ত আলোচনা ও স্মৃতিচারণে অনুষ্ঠানটি হয়ে ওঠে অত্যন্ত উপভোগ্য।
অনুষ্ঠানে ইমদাদুন খান বলেন, “কবি কিংবা সাংবাদিক কোনোটাই আমি নই। শুধু কবি মহল কিংবা সাংবাদিক বৈঠকে যাওয়ার সুযোগ পাই এবং বড় বড় কবি-সাহিত্যিকদের সান্নিধ্য পাই ও তাঁদের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়। তাতেই আমার অনেক আনন্দ ও ভালো লাগে। মাঝে মাঝে বর্ষীয়ান ও সম্মানিত অতিথি লেখক-সাংবাদিকরা বাংলাদেশ থেকে এলে তাঁদের দেখার সুযোগ হয়—সেটা কি কম?”
তিনি আরও বলেন, “আজও তেমনি একজন সম্মানিত অতিথি ছিলেন আমাদের সবার পরিচিত মৌলভীবাজারের সুনামধন্য প্রবীণ সাংবাদিক বকসি ইকবাল ভাই। তাঁর নাম বারবার শুনেছি আসমা মতিন আপার মুখে। এখানে উপস্থিত থাকতে পেরে এবং আমাদের সিলেটের একজন গুণী ও প্রবীণ সাংবাদিকের সান্নিধ্য পেয়ে নিজেকে ধন্য মনে করছি।”
ইমদাদুন খান বকসি ইকবালের প্রতি গভীর শ্রদ্ধা ও শুভকামনা জানান। পাশাপাশি অনুষ্ঠানের সুন্দর আয়োজনের জন্য ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন আসমা মতিনের প্রতি।
মতবিনিময় সভায় উপস্থিত অতিথিরা বকসি ইকবালের দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা ও অবদানের প্রশংসা করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সম্পাদক: কবি ইমদাদুন খান (লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী )
সহ সম্পাদক : জাকিয়া সুলতানা মনি